টেলিমেডিসিনের জন্য ৮শ পয়েন্টে ওয়ারলেস ইন্টারনেট দেয়া হবে
ঢাকা, ২৯ মার্চ (মিডিয়া ফর মিডিয়া)- চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে টেলিমেডিসিনের কথা সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এজন্য আগামী মাসের মধ্যে বাংলাদেশের সরকারি স্বাস্থ্য খাতের প্রায় ৮শ’টি পয়েন্টে ওয়ারলেস ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে।সংযোগের আওতায় আসবে উপজেলা স্বাস্থ্য প্রকল্প বা স্বাস্থ্য কর্মকর্তার অফিস, সিভিল সার্জন অফিস, সকল মেডিকেল ও ডেন্টাল কলেজ, সকল মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতাল, সকল ইনস্টিটিউট ও হাসপাতাল, সকল ম্যাটস ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির দু’দিনব্যাপী ২২তম বৈজ্ঞানিক কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা জনানা।
তিনি বলেছেন, বিজ্ঞানের অগ্রযাত্রা ও জীবনের গতিময়তা বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনাজনিত মৃত্যু ও অসুস্থতা চিকিৎসা বিজ্ঞানের জন্য এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তাই অর্থোপেডিক ও ট্রমা চিকিৎসা এবং অর্থোপেডিক সার্জারি চিকিৎসা সুবিধার সম্প্রসারণ ও মানোন্নয়ের বিষয়ে অধিকতর গুরুত্ব দেওয়ার সময় এসেছে।
তিনি বলেন, সরকার চিকিৎসক ও চিকিৎসা খাতের ব্যবস্থাপকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে আন্তরিকভাবে চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি জানান, জেলা ও উপজেলা হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে। এছাড়া, ইতোমধ্যে সকল জেলা সদর হাসপাতালে প্রয়োজনীয় সাধারণ সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, সরকার দেশের সর্বস্তরের জনগণের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা ও চিকিৎসকদের সমস্যা সমাধানে আন্তরিক ও সচেষ্ট। চিকিৎসকদের প্রতিটি পদোন্নতির জন্য পাবলিক সার্ভিস কমিশনের মুখোমুখী হতে হয়, অন্য সার্ভিসের কর্মকর্তাদের তেমনটি করতে হয় না, এটি বড় ধরনের বৈষম্য। এ বৈষম্য নিরসনের জন্য সক্রিয়ভাবে চিন্তা করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক শেখ নূরুল আলম এবং সোসাইটির মহাসচিব অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন বক্তৃতা করেন ।
