সোমবার, ৩০ মার্চ, ২০০৯

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কোরীয় সহযোগিতা কামনা

পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কোরীয় সহযোগিতা চেয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সুক বাম পার্ক আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাত করতে এলে পররাষ্ট্রমন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতে সহায়তাসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কোরীয় সহযোগিতা কামনা করেন।
বৈঠকে কোরীয় ইপিজেড, বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা ছাড়াও বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্কের বিস্তারিত দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ডাঃ দীপু মনি বাংলাদেশের চামড়া শিল্প, পর্যটন, শিক্ষা, সার, কম্পোজিট টেক্সটাইল, পাট ও পাটভিত্তিক শিল্প, গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং তথ্য প্রযুক্তি খাতে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান। ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ হতে জনশক্তি নিয়োগের বিষয়টি দ্রুততর করার জন্য তিনি রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ট, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। উলে¬খ করা যেতে পারে বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে ও অর্থনৈতিক সম্পর্কের কারণে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোরীয় দূত বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় ডাঃ দীপু মনিকে অভিনন্দন জানান। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক কোন সময়ে দক্ষিণ কোরিয়া সফরের আমন্ত্রণ জানান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দক্ষিণ কোরিয়া সফর করেন তবে তার সরকার ও সেদেশের জনগণ অধিকতর খুশি হবে।

1 টি মন্তব্য: